Friday, June 5, 2015

ব্যর্থ সাঁতারু

আমার তখন বছর দশেক বয়স | বাবা বাড়ির সামনের দেশবন্ধু পার্কের পুকুরে সাঁতার শিখতে নিয়ে গেছেন | ক্লাবটির নাম শ্মশানেশ্বর  - সাঁতারের ক্লাবের অমন ভয়াবহ নামকরণ কেন হয়েছিল বলতে পারব না | জলাশয়টিকে  অনেকে রাক্ষুসে পুকুর বলত - প্রতি বছরই নাকি কারোর অপমৃত্যু ঘটত সেখানে |

এর আগে দু তিন দিন জলে নেমেছি বটে - কিন্তু ভয় কাটেনি  | পাড়ের কাছে খুঁটি ধরে প্রাথমিক হাত পা ছোঁড়া শিখেছি মাত্র | সুবোধ বাবু নামে এক অতি ভদ্র মানুষ যত্ন  সহকারে  সন্তরনশিক্ষার   সঙ্গে পরিচিত করাচ্ছিলেন  | সেদিন হঠাত স্যার আশুতোষের মত গোঁফওলা একজন এসে  হাত  ধরে বললেন " আয় আমার সঙ্গে"

পুকুরের ধারে দাঁড়িয়ে  থাকা বাবার দিকে সভয়ে  তাকালাম | ওনার  মুখ দেখে মনে হলো যেন কোনো অলিম্পিকে সোনা জেতা সাঁতারু স্বেচ্ছায় আমায় শেখানোর সুযোগ দিচ্ছেন | অগত্যা ....

এর পরের কয়েকটি মিনিট  আমার জীবনের ভয়াবহ মুহূর্তগুলির অন্যতম - হলাবাবু ( ভদ্রলোকের নাম) আমায় মাঝ পুকুরে নিয়ে গিয়ে  ছেড়ে দিয়ে বললেন "যা.." | কিভাবে পাড়ে পৌঁছেছিলাম  জানিনা - কিন্তু এটা মনে আছে প্রায় কেঁদে ফেলেছিলাম - আর পুকুরের অপরিষ্কার জল বেশ কিছুটা খেয়েছিলাম | বাবা নিজে গঙ্গায় ওই পদ্ধতিতে শিখেছিলেন - আমার ব্যর্থতা  এবং কাপুরুষতা দেখে খুবই আশাহত হয়ে বাড়ি ফেরার পথে হলিউডের এক সুন্দরী নায়িকার কথা বলেছিলেন যিনি নাকি একজন কাপুরুষের  স্ত্রী হবার চাইতে কোনো বীরের বিধবা হওয়া শ্রেয় মনে করতেন |

যাইহোক আমার জীবনের অনেক ব্যর্থতার মধ্যে এটি আর একটিমাত্র | প্রসঙ্গক্রমে জানাই - সেদিন রাতেই আমার গায়ে চাকা চাকা ফুসকুড়ি বেরোলো - সঙ্গে জ্বর - নি:সন্দেহে ওই নোংরা জল পেটে যাওয়ার এবং তীব্র উদ্বেগের ফল | সপ্তাহখানেক লেগেছিল সুস্থ হতে | বলা বাহুল্য - আর কোনদিন  স্বেচ্ছায় জলে নামার প্রবৃত্তি হয়নি |

ঘটনাটি আমায় ভবিষ্যত জীবনে প্রভাবিত করেছিল | যার ফলে  যে কোনো বিদ্যার্জন সংক্রান্ত  ব্যাপারে আমি হাতুরেদের সভয়ে এড়িয়ে চলেছি - প্রয়োজনে   যথাযত পারিশ্রমিক দিয়ে পেশাদারদের  দ্বারস্থ হয়েছি |

একটা মজার ঘটনা দিয়ে লেখাটা শেষ করব | কলেজ জীবনে  একবার NSS 
ক্যাম্পে কিছু সহপাঠী জোর করে জলে নামায় | আমার এক ফেসবুক বান্ধবী অন্য এক প্রসঙ্গে সেদিন লিখেছিলেন - অধীত বিদ্যা মানুষ ভোলে না | এই ক্ষেত্রে সেই কয়েক মিনিটের সংগ্রামের অধীত "শিক্ষার" প্রয়োগ করেছিলাম  আনাড়ি হাত পা সঞ্চালন করে কয়েক গজ  সাঁতার কেটে | এক বন্ধু মন্তব্য করেছিল "তুই তো বেশ ভালই সাঁতার কাটিস - শুধু শুধু ভয় পাচ্ছিলি কেন ?" প্রশংসাবাদটি হজম করার আগেই আর এক বন্ধুর মন্তব্য " দূর ! ও চেষ্টা করেছিল - হয় নি "|




No comments:

Post a Comment